
বয়স ৩৯ হলেও মাঠে গোল করে চলেছেন লিওনেল মেসি। এবার মেজর লিগ সকারে (এমএলএস) আরেকটি অনন্য রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন এই তারকা। রোববার (১ নভেম্বর) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের শেষ দিকে দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।
এই গোলের ফলে চলতি মৌসুমে লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬। গোল্ডেন বুটের দৌড়ে এফসি ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে চার গোলে এগিয়ে রয়েছেন তিনি। নিয়মিত মৌসুমের বাকি রয়েছে আর মাত্র একটি ম্যাচ।
২০০৫ সালে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত পয়েন্টের পরিবর্তে শুধু গোলসংখ্যার ভিত্তিতে এমএলএস গোল্ডেন বুট দেওয়ার নিয়ম চালু হয়। এরপর থেকে কোনো খেলোয়াড় টানা দুই মৌসুম এই পুরস্কার জিততে পারেননি। গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট এবং এরপর মাঠে কম সময় কাটানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
ক্রিস ওয়ানডোলোস্কি ২০১০ ও ২০১২ সালে এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস ২০১৪ ও ২০১৬ সালে গোল্ডেন বুট জিতেছিলেন। তবে তাঁদের কেউই টানা দুই মৌসুম পুরস্কারটি ধরে রাখতে পারেননি। এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে।
২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে ইতোমধ্যে ইতিহাস গড়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। এবার গোল্ডেন বুট ধরে রাখতে পারলে তাঁর ক্যারিয়ারে যুক্ত হবে আরও একটি অনন্য অর্জন।